আমজাদ হোসেন
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ আইনজীবী আমজাদ হোসেন (৭০) গতকাল সোমবার বিকালে হাসপাতালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। স্ত্রী ফিরোজা আমজাদ, ৩ ছেলে রয়েছে প্রয়াত আমজাদ হোসেনের।
সোমবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রথম জানাজা, আজ মঙ্গলবার সকাল ৯টায় গ্রামের বাড়ি পেকুয়ার গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং একইদিন সকাল সাড়ে ১০টায় চকরিয়া ফায়ার ব্রিগেড মাঠে তৃতীয় জানাজা শেষে মাঠ সংলগ্ন কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে প্রয়াত এই রাজনীতিক ও আইনজীবীকে।
জোহরা খাতুন
চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সদস্য ও দৈনিক আজাদীর কম্পিউটার বিভাগের কর্মী মো. শাহিদের মাতা জোহরা খাতুন (৬০) গত শুক্রবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে নগরীর পাহাড়তলিস্থ সেগুন বাগান এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৫ মেয়ে, ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন শনিবার বাদ জোহর সেগুন বাগান বায়তুল আমান জামে মসজিদে নামাজে জানাজা শেষে আকবর শাহ মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক কায়েস চৌধুরীসহ সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।
এ টি এম নূরুল আলম
চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়ীয়া মোজাহেরপাড়া মাস্টার বাড়ি নিবাসী চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রবীণ শিক্ষাবিদ এ টি এম নূরুল আলম মাস্টার (৭১) গত রবিবার ভোর ৫টায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। ঐদিন আছরের নামাজের পর পূর্ব সাতবাড়ীয়া মোজাহের তালুকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
