কিশোরগঞ্জে ছেলের হাতে মা খুন

আপডেট : ২৮ জুন ২০২৩, ১৭:৪৭

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ছেলের হাতে আরজিনা বেগম (৪০) নামে এক মা খুন হয়েছেন। বুধবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মধ্যরাজিব গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম সবুজ মিয়া (১৮)। সে ওই গ্রামের সামছুল কবিরাজের ছেলে।

জানা গেছে, নিহত আরজিনা বেগমের এক ছেলে এক মেয়ে। কিছুদিন আগে মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে সবুজ মিয়া ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। ঈদের ছুটিতে ছেলে সবুজ বাড়িতে আসে। বাড়িতে আসার আগে ছেলে তার বেতনের টাকা মায়ের বিকাশ নম্বরে পাঠিয়ে দেন। মঙ্গলবার (২৭ জুন) ছেলে বাড়িতে এসে বিকাশে পাঠানো টাকার হিসাব চাইলে পাঠানো টাকার হিসাবে গড়মিল পায়। এ সময় উত্তেজিত হয়ে ভারি লোহার বস্তু দিয়ে মায়ের মাথায় আঘাত করলে মা আরজিনা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে অবস্থা বেগতিক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। 
 
কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুল বলেন, সামছুল কবিরাজের দুই বউ। বিকাশে পাঠানো টাকার হিসাবের গড়মিলের কারণে ছেলের হাতে মা খুন হয়েছেন। 

কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, বিকাশে পাঠানো টাকার হিসাবের গড়মিলের কারনে ছেলের আঘাতে তার মায়ের মৃত্যু হয়েছে। এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/পিও