জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী জলদস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যা (৪২) নিহত হয়েছে। গতকাল সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুইটি গুলি জব্দ করা হয়। এ ঘটনায় আহত হন র্যাবের দুই সদস্য আনিছ ও ম্যন্ডেলিন চাকমা। নিহত ফকির বাতাইন্যা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার টুমচর এলাকার মোস্তাফা বাতাইন্যার ছেলে।
র্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তালিকাভুক্ত এই সন্ত্রাসী জলদস্যু ফকির বাতাইন্যাকে গ্রেফতারের জন্য র্যাবের বিশেষ একটি দল ভোরে পশ্চিম চরজব্বার গ্রামে তার বাড়ি ঘেরাও করে। সে র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পালটা গুলি চালায়। এ সময় ফকির বাতাইন্যা এবং র্যাবের দুই সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় গুলিবিদ্ধ ফকির বাতাইন্যাকে উদ্ধার করা হয়। তার কাছ থেকে পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। পরে তাকে স্থানীয় চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এই অপারেশন অফিসার আরো জানান, ফকির বাতাইন্যার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে । তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
