ভূমধ্যসাগরে ৩৭ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি আদালতকে অবহিত করতে রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, জড়িতদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে। এ কাজের সঙ্গে জড়িত সিলেট ও নোয়াখালীর ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স আছে কি না এবং তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের বিষয়টি জানাতে হবে।
মানব পাচারের ঐ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং ঐ ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মোহাম্মদ এমদাদুল হক সুমন।
