বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, জনগণের দোয়া, আস্থা ও ভালোবাসায় শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। শেখ হাসিনার কোনো বিকল্প এই বাংলাদেশে নাই।
শনিবার (১ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় বর্ধিত পৌরসভার ২ নম্বর পৌর ভবনের উদ্বোধন, বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপন ও চৌধুরী নূর উদ্দিন আহমেদ ক্লাবের উদ্বোধন শেষে স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় চিফ হুইপের হাতে বর্ধিত পৌর ভবনের প্রতীকি চাবি তুলে দেন মেয়র ও কাউন্সিলরা। এর আগে চিফ হুইপ পৌর বাজারে অত্যাধুনিক লিটন চৌধুরী সুপার মার্কেটের ভিত্তি প্রস্তর করেন।
চিফ হুইপ বলেন, করোনা পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা তিনি যেভাবে দেখিয়েছেন তার বিকল্প আর কেউ নাই। যখন দেশে কোনো জাতীয় নির্বাচন আসে তখনই ষড়যন্ত্র শুরু হয়। বিভিন্ন দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের চেষ্টা করে। কিন্তু আমাদের বিশ্বাস জনগণ যতবারই ভোট দিয়েছে নৌকাকেই ভোট দিয়েছে।
এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আলম, প্রকল্প পরিচালক সুশান্ত রঞ্জন রায়, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীমা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
