১৯৭৫ সালে আয়োজিত প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। চার বছর পর মাঠে গড়ানো দ্বিতীয় বিশ্বকাপের মুকুটও তাদের। টানা দুইবারের সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজই কিনা বিশ্বকাপে নেই! এ বছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে ক্যারিবিয়ানদের ছাড়া।
বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর এরই সঙ্গে নিশ্চিত হয়ে গেছে, ওয়ানডে বিশ্বকাপ প্রথমবার হতে যাচ্ছে একসময়ের প্রভাবশালী ক্যারিবিয়ানদের ছাড়া।
জিম্বাবুয়েতে হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব। গ্রুপ পর্বে খুব একটা সুবিধা করতে না পারায় বিশ্বকাপ খেলা হুমকির মুখে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। ভারতের টিকিট পেতে হলে সুপার সিক্স পর্বের তিন ম্যাচই জিততে হতো। অবশ্য তাতেও হতো না, তাকিয়ে থাকতে হতো অন্য দলগুলোর ফলাফলের দিকে।
কিন্তু সেই পর্যন্ত যাওয়ার দরকারই পড়লো না। আজ (শনিবার) হারারেতে সুপার সিক্স রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাও আবার হেরেছে এমন দলের কাছে, যাদের কাছে আগে কখনও হারের মুখ দেখেনি। ব্যাটিং ব্যর্থতার পর স্কটিশদের কাছে ক্যারিবিয়ানদের হার ৭ উইকেটে।
হারারের ম্যাচে স্কটিশ বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪৩.৫ ওভারে মাত্র ১৮১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৯ বল আগেই জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। তাতে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়া প্রথম বিশ্বকাপ খেলাও নিশ্চিত হয়ে যায়।
