আড়াইহাজারে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি বিষয়ক আলোচনা সভা

আপডেট : ২৫ জুন ২০১৯, ০০:১৮

ইউশিকাগো রিসার্চ বাংলাদেশ-এর আড়াইহাজার ফিল্ড অফিসের উদ্যোগে গতকাল সোমবার সকালে ফিল্ড অফিসের হল রুমে বায়ু দূষণ: পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি বিষয়ক গবেষণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউশিকাগো রিসার্চ বাংলাদেশ-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ডা. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস এম মঞ্জুরুল হান্নান খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূঁইয়া।  প্রধান অতিথি ড. এস এম মঞ্জুরুল ইসলাম বলেন, বর্তমানে যে হারে পরিবেশ দূষিত হচ্ছে । তার ফলে প্রতি ঘণ্টায় ৮০০ লোক মারা যাচ্ছেন । তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় যত লোক মারা যায়, তার ১০ গুণ বেশি লোক মারা যায় পরিবেশ দূষণের কারণে। সচিব আরো বলেন, ইটভাটা, রাস্তায় নির্মাণসামগ্রী, কলকারখানার ধোঁয়ায় পরিবেশ বেশি দূষিত হচ্ছে। তিনি সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।