রূপগঞ্জে লড়ির ধাক্কায় একটি ট্রাক খাদে পড়ে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে ট্রাক ড্রাইভার জাহিদুল ঘটনাস্থলেই নিহত হন। এসময় এক রিকশাচালকসহ আহত হয়েছেন ৪ জন। সোমবার ভোর রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের টেংরারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর রাতে খালি ড্রাম ভর্তি একটি ট্রাকে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে টেংরারটেক এলাকায় রাস্তার পাশে রেখে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন এর চালক জাহিদুল। রাত ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বিদ্যুতের খুঁটি ভর্তি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও এক রিকশাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এসময় ট্রাকের নিচে থাকা ড্রাইভার জাহিদুল লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। রিকশার চালক, লড়ির ড্রাইভার, হেলপারসহ ৪ জন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহত জাহিদুলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
