১৯৭২ সালে বঙ্গবন্ধু প্রদত্ত প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ী সরকারি মুক্তিযোদ্ধা তালিকায় বর্তমানে কমবেশি ৮০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে বলে অভিযোগ করেছে মুক্তিযোদ্ধাদের সংগঠন একাত্তরের মুক্তিযোদ্ধা। সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিঞা হলে ‘মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এ অভিযোগ করে সংগঠনটি। সংগঠনের সভাপতি আবীর আহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান এ কে এম সফিউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা তাদের মতামত প্রদান করেন।
মতবিনিময় সভায় অভিযোগ করে বলা হয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে বিএনপি, জাতীয় পার্টি, বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সরকারের আমল পর্যন্ত বঙ্গবন্ধু প্রদত্ত সংজ্ঞা পাশ কাটিয়ে নানা গোঁজামিলের আশ্রয় নিয়ে এ পর্যন্ত সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ত্রিশ হাজারের বেশি। অথচ বঙ্গবন্ধু প্রদত্ত সংজ্ঞামতে এ তালিকা কোনোমতেই দেড় লাখের বেশি হওয়ার কথা নয়। এছাড়া সভায় মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়েও দাবি তোলেন কয়েকজন মুক্তিযোদ্ধা।
