ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ডিএনসিসির জনপ্রতিনিধিগণ এবং বাংলাদেশ পুলিশ যৌথভাবে কাজ করবে। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) আয়োজিত গুলশানের একটি হোটেলে ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
মেয়র বলেন, যেহেতু জনপ্রতিনিধিগণ সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের ওপর মেয়র গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে ডিএনসিসির ২৪টি খেলার মাঠের সংস্কারকাজ চলমান রয়েছে। এসব মাঠ রাতেও যাতে খেলাধুলা করা যায় সেজন্য মাঠে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে।
মেয়র বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের কবল থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি আরো বলেন, ‘হলি আর্টিজানের’ পর দেশে ব্যবসায়ের অবস্থা খারাপ হতে যাচ্ছিল। বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসায় প্রায় গুটিয়ে নিচ্ছিলেন। তখন আমাদের প্রধানমন্ত্রী তাঁর ক্যাপাবিলিটি ও ক্যাপাসিটি দিয়ে পুলিশের মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রেখেছেন।
শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য তিনি ডিএমপির প্রতি আহ্বান জানান। এ লক্ষ্যে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম, উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার, ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
