মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ২৫ হাজার লোকের ওপর চালানো জরিপে বলা হয়েছে, সেখানে এমন লোকের সংখ্যা বাড়ছে যারা নিজেদের ধার্মিক বলে মনে করেন না। বিবিসি নিউজ আরবি এবং আরব ব্যারোমিটার রিসার্চ নেটওয়ার্ক যৌথভাবে এই জরিপ চালায়। এটিকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় এ ধরণের সবচেয়ে ব্যাপক অনুসন্ধানী জরিপ বলে দাবি করা হচ্ছে। ধর্ম, রাজনীতি, যৌনতা থেকে শুরু করে নারী অধিকার এবং অভিবাসন এ ধরণের বহু বিষয়ে এই জরিপে জানতে চাওয়া হয়।
গত বছরের শেষ এবং এ বছরের শুরুতে দশটি দেশ এবং ফিলিস্তিনি অঞ্চলের মানুষ জরিপে অংশ নেন। নিজেদের ধার্মিক বলে ভাবেন না এমন মানুষের সংখ্যা ২০১৩ সালে যেখানে ছিল ৮ ভাগ, সেখানে এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ ভাগে। ৩০ বছরের কম বয়সীদের মধ্যেই এই সংখ্যা সবচেয়ে বেশি। এদের মধ্যে ১৮ ভাগই নিজেদের ধার্মিক বলে ভাবেন না। কেবল ইয়েমেনে এরকম মনোভাবের মানুষের সংখ্যা কমেছে। জরিপে অংশ নেওয়া প্রতিটি অঞ্চলেই অন্যান্য নেতাদের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি ছিল সবার নীচে। এর বিপরীতে আবার ১১টি দেশ এবং অঞ্চলের সাতটিতেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের নীতি প্রশংসিত হয়েছে। তবে লেবানন, লিবিয়া এবং মিশরে এরদোয়ানের চেয়েও বেশি সমর্থন পেয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের নীতি। মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় নিরাপত্তা নিয়ে ইসরাইলকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করা হয়।
