বাড়ির নির্মাণকাজ দেখতে শুক্রবার রংপুর যেতে পারেন এরশাদ

আপডেট : ২৫ জুন ২০১৯, ০০:৫১

নিজ বাড়ির নির্মাণকাজ দেখতে আগামী শুক্রবার রংপুর যাওয়ার কথা রয়েছে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদের। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বর্তমান বিছানায় পড়ে থাকা এরশাদের হেলিকপ্টারযোগে রংপুর যাওয়ার কথা। তবে শেষ পর্যন্ত এই সফর নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। শরীর বেশি অসুস্থ হলে সফর বাতিল হতে পারে।

জানা গেছে, রংপুর শহরে অবস্থিত এরশাদের ব্যক্তিগত আবাস ‘পল্লী নিবাস’ সংস্কার করে তিনতলা ভবন বানানো হচ্ছে। এত দিন চারদিকে দেওয়াল ঘেরা আলাদা-আলাদা ভবন ছিল। রংপুরে গেলে এরশাদ থাকতেন দ্বিতল ভবনে। অন্যরা থাকতেন একতলা ভবনে। এখন সবগুলো ভেঙে তিনতলা একটি বাড়ি করা হচ্ছে। দ্বিতীয় তলায় এরশাদ ও ছেলে এরিকের কক্ষ তৈরি করা হয়েছে। এবার গেলে প্রথমবারের মতো তিনি নতুন বাড়িতেই থাকবেন। ভবনটির দ্বিতীয় তলার কাজ শেষ, তৃতীয় তলার ফিনিশিংয়ের কাজ চলছে। উল্লেখ্য, এরশাদ সর্বশেষ রংপুর যান গত ৩ মার্চ। তখনো বাড়ির কাজ দেখতেই রংপুরে গেলেও উঠেছিলেন হোটেল গ্র্যান্ড প্যালেসে।