চট্টগ্রামের মিরসরাইয়ের ‘রূপসী’ ঝরনা থেকে পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) রাত ৯টায় তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো চট্টগ্রাম শহরের ফিরোজ শাহ এলাকার মো. জামিলের ছেলে নুরুল আবছার (১৬) ও একই এলাকার জসীম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)।
নিহতদের বন্ধু মোহাম্মদ আরমান জানান,, রোববার সকালে ৯ বন্ধু মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে যায়। সবাই মিলে ঝরনার উপরে উঠি। নামার সময় বিকাল সাড়ে ৩টার দিকে আবছার ও আরিফকে দেখতে না পেয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করি। পরে বিষয়টি টিকেট কাউন্টারে অবহিত করার পর তারা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঝরনার কূপ থেকে আবছার ও আরিফের লাশ উদ্ধার করে।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রূপসী ঝরনায় দুই কিশোর হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে কূপের পানিতে ডুবে মারা গেছে।
মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন আসার পর লাশ হস্তান্তর করা হবে।
