গত মাসখানেক ধরেই চোটে ভুগছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটাও খেলতে পারেননি তিনি। আসন্ন ওয়ানডে সিরিজ সামনে রেখে পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন অধিনায়ক তামিম। কিন্তু তামিম ম্যাচ খেলার মতো শতভাগ ফিট কি না, তা নিয়ে সংশয় রয়েছে। শঙ্কা আছে সিরিজে তার খেলা নিয়েও। কোচ হাথুরুসিংহে জানিয়েছেন, অনুশীলনের পর তামিমের চোটের অগ্রগতির বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি খেলতে পারলে তো ভালোই। কিন্তু চোট যদি তামিমকে মাঠে নামতে না দেয়? তাহলে তার পরিবর্তে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন কে? প্রশ্নটা যুক্তিসংগতই। স্বাভাবিকভাবেই গতকাল সংবাদ সম্মেলনে প্রশ্নটা করা হয় কোচ হাথুরুসিংহেকে। বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ বল পাঠিয়ে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। বলেছেন, তামিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবে কে, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচক কমিটি। তবে কোচ হাথুরু এটা জোর গলায় জানিয়ে দিয়েছেন, বর্তমানে বাংলাদেশ দলে নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতা রয়েছেন, যারা আগেও অধিনায়কত্ব করেছেন, দারকার হলে আসন্ন সিরিজেও নেতৃত্ব দিতে পারবেন।
সাকিব আল হাসান, লিটন কুমার দাসের উদাহরণ টেনে বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ বলেছেন, ‘নির্বাচকদের জন্য এটা দারুণ প্রশ্ন। আমাদের দলে এমন অনেকেই আছে, যারা আগে অধিনায়কত্ব করেছে। আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টেস্টের কথাই ধরুন, সাকিব ছিল না, তার পরিবর্তে লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক এবং সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের দলে যথেষ্ট নেতা আছে। সেরকম কিছু হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবে।’
