আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণার সময় বড় একটা সুখবর পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ডাক পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলে। সেই সুখবরের পিঠে চড়ে আরো একটি সুখবর পেলেন বাঁ-হাতি ওপেনার। গতকাল তাকে নতুন সুখবরটি দিয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুধু দলের সঙ্গী হয়ে ড্রেসিংরুম গরম করা নয়, আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অন্তত একটি ম্যাাচ হলেও খেলতে পারবেন তিনি। কোচ হাথুরুসিংহেই নিজেই এই সুখবর দেন নাঈমকে।
২৩ বছর বয়সী নাঈম শেখ এ পর্যন্ত জাতীয় দলের একটি টেস্ট, দুটি ওয়ানডে ও ৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে দুটির মধ্যে প্রথমটিতে (২০২০ সালের ৬ মার্চ, জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে) ব্যাট হাতে মাঠে নামার সুযোগই পাননি। ২০২১ সালের ২৮ শ্রীলঙ্কার বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে ইনিংস ওপেন করতে নেমে আউট হয়ে যান মাত্র ১ রান করে। এরপর গত দুই বছরে ওয়ানডে দলে আর ফিরতেই পারেননি।
অবশেষে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে তাকে দলে ফিরিয়েছেন কোচ হাথুরু। উদ্দেশ্য একটাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তাকেও একটু পরখ করে দেখা। ‘পরখ’ করার আফগান সিরিজে তাই তাকে অন্তত একটা ম্যাচ খেলানোর আশ্বাস দিয়েছেন হাথুরু।
নাঈমকে সুযোগ দেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাথুরু স্পষ্ট করেই বলেছেন, ‘হ্যাঁ, আমরা যখনই সুযোগ পাব, ওকে (নাঈম) একটা ম্যাচে সুযোগ দেব।’ দলের সঙ্গে পুরোদমে অনুশীলন চালিয়ে যাওয়া নাঈম নিশ্চয় খুশি কোচের কাছ থেকে এমন বার্তা পেয়ে।
