কাফ ইনজুরির কারনে চলমান অ্যাশেজ সিরিজের বাকি তিন টেস্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লায়ন। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড আজ এ কথা জানিয়েছেন। তিনি জানান, লিঁওর বাদ পড়ায় আরেক অফ স্পিনার টড মারফিকে দলে নেওয়া হয়েছে।
লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় কাফ (পায়ের পেছনের মাংসপেশি) ইনজুরিতে পড়েন লায়ন। তার ইনজুরিতে পড়ার টেস্ট ৪৩ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে হেডিংলিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে লায়নের জায়গায় মারফি সুযোগ পাবেন বলে আশা করছেন ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘এই মুহুর্তে ভালো অবস্থায় নেই (লায়ন)। কাফ ইনজুরিতে পড়ায় সিরিজ শেষ তার।’
তিনি আরও বলেন, ‘আমাদের বোলিং আক্রমণে আমরা একজন স্পিনার রাখতে পছন্দ করি। এটি আলাদা ভারসাম্য দেয় এবং আপনি যেমনটি দেখেছেন (রোববার) নির্দিষ্ট সময়ে অন্য প্রান্ত দিয়ে লায়নকে ছাড়াই আমাদের ভিন্নভাবে কাজ সারতে হয়েছিলো। এমন কিছুতে আমরা অভ্যস্ত। মাঝে মাঝে আমরা এসব ক্ষেত্রে সমস্যায় পড়ি, এজন্য আক্রমণে বিকল্প স্পিনার রাখতে চাই।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে লায়ন বলেন, তিনি এখনও জানেন না অ্যাশেজের বাকি অংশের জন্য ইংল্যান্ডে থাকবেন নাকি পুনর্বাসনের জন্য দেশে ফিরে যাবেন।
লর্ডসের ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার হয়ে টানা ১০০ টেস্ট খেলা ৩৫ বছর বয়সী লায়ন বলেন, ‘ইনজুরির মধ্যেও আমি ভাগ্যবান। ২০১১ আগস্ট থেকে খেলছি ও এসময় দলের ১২৬টি টেস্ট ম্যাচ হয়েছে এবং এর মধ্যে ১২২টিতে খেলেছি আমি।’
প্রয়োজনে ২২ বছর বয়সী মারফিকে পরামর্শ দেওয়ার কথাও জানালেন লিঁও। তিনি বলেন, ‘আমি (চতুর্থ দিন) শেষ সেশনে মারফির সঙ্গে বসেছিলাম এবং আমাদের মতো স্পিন বোলিং নিয়ে কথা বলেছিলাম। মারফির উপর আমার আস্থা আছে। বয়সে তরুণ হলেও সে দারুন এক ক্রিকেটার। তার শেখার আগ্রহ আছে।’
এ বছর নাগপুরে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মারফির। অভিষেকের প্রথম ইনিংসেই ৭ উইকেট নেন তিনি। ভারতের বিপক্ষে ঐ সিরিজে চার টেস্ট খেলে সর্বমোট ১৪টি উইকেট শিকার করেন মারফি।
তৃতীয় টেস্টের আগে দলের অতিরিক্ত ব্যাটার ম্যাট রেনশকে ছেড়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে স্ট্যান্ডবাই হিসেবে ইংল্যান্ডেই থাকবেন তিনি।
