জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দার নিজ বাড়ি থেকে সোমবার (৩ জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নয়ন মিয়া (২৪) উপজেলার ধাতুয়াকান্দা এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে নয়ন মিয়া সরাসরি জড়িত ছিলেন। তাই পুলিশ সুপারের দিক নির্দেশনায় তাকে ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে জামালপুর ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জন নামীয় ও অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করে।
