সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের ছয়টি আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঘোষণার পর থেকেই প্রতিটি আসনে সর্বস্তরের নেতাকর্মীরা একজোট হয়ে মাঠে নেমেছে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে। ইতিমধ্যেই তারা ব্যক্তিগত যোগাযোগ ও উঠোন বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। অপরদিকে বিএনপির প্রতিটা আসনেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় নেতাকর্মীরা পড়েছেন বিপাকে। কে চূড়ান্ত মনোনয়ন পাবেন তা নিয়ে নেতাকর্মীরা রয়েছেন বিভ্রান্তির মধ্যে। যে কারণে তাদের প্রচারণাও চোখে পড়ার মতো না। আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-
সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে আওয়ামী লীগ থেকে মোহাম্মদ নাসিম এবং বিএনপি থেকে মোঃ সেলিম রেজা, রুমানা মোর্শেদ কনক চাঁপা ও নাজমুল হাসান তালুকদার। সিরাজগঞ্জ-২ (সিদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগের মোঃ হাবিবে মিল্লাত এবং বিএনপি’র রুমানা মাহমুদ ও ইকবাল হাসান মাহমুদ। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে আওয়ামী লীগের মোঃ আব্দুল আজিজ এবং বিএনপি’র সাইফুল ইসলাম শিশির, আব্দুল মান্নান তালুকদার ও মোঃ আয়নুল হক। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগের তানভীর ইমাম এবং বিএনপি’র মোঃ রফিকুল ইসলাম খান, কাজী রেজাউর রহমান কায় কামাল, এম আকবর আলী ও খন্দকার গোলাম আজাদ।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামী লীগ থেকে আব্দুল মমিন মন্ডল এবং বিএনপি’র আমিরুল ইসলাম খান, মেজর (অব.) মনজুর কাদের, আব্দুল্লাহ আল মামুন ও মোঃ রকিবুল করিম খান এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের মোঃ হাসিবুর রহমান স্বপন, বিএনপি’র এসএ মুহিত ও কামরুদ্দিন এহিয়া খান মজলিস।
