ময়মনসিংহে কৃষক হত্যার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২১:০৩

ময়মনসিংহের গৌরীপুরে কৃষক সাহেব আলী (৪৫) হত্যার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৩ জুলাই) রাতে নেত্রকোনার পূর্বধলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার খলতবাড়ি গ্রামের মৃত ছামির উদ্দিন ফকিরের ছেলে বাবুল মিয়া ও বাবুল মিয়ার ছেলে জহিরুল ইসলাম।

জানা যায়, উপজেলার খলতবাড়ি গ্রামের সাহেব আলীর সঙ্গে একই এলাকার বাবুল মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে শনিবার দুপুরে তাদের মধ্যে সংঘর্ষ হলে সাহেব আলী গুরুতর আহত হয়। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে আহত আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের ছেলে মো. রাজীব মিয়া (২৪) বাদী হয়ে ১৫ জনকে আসামি করে গৌরীপুর থানায় হত্যা মামলা করেন। 

গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় সোমবার রাতেই র‌্যাব-১৪ এর সহযোগিতায় নেত্রকোনার পূর্বধলা থেকে মামলার আসামি বাবুল মিয়া ও তার ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ইত্তেফাক/এবি/পিও