জেনিনে দুই দশকের মধ্যে ইসরাইলের ভয়াবহ হামলা

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০১:০২

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালাচ্ছে ইসরাইল। দুই দিনের অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। জেনিনে ইসরাইলি সেনাবাহিনীর চলমান অভিযানের প্রতিবাদে দখলকৃত পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এদিকে ইসরাইলি পুলিশ বলছে—তেল আবিবের একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দিলে কমপক্ষে সাত জন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী গুলিতে নিহত হয়েছেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এ ঘটনায় দায় স্বীকার করেছে। খবর বিবিসি ও সিএনএনের।

খবরে বলা হয়েছে, প্রায় ১৪ হাজার ফিলিস্তিনির বাসস্থান এই জেনিন ক্যাম্পটির ওপর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী এবং এরপর হাজার হাজার সেনা পাঠিয়েছে। যার ফলে এখন রাস্তায় রাস্তায় বন্দুক-যুদ্ধ হচ্ছে। ফিলিস্তিন রেডক্রসের একজন কর্মকর্তা জানিয়েছেন, জেনিন শরণার্থী শিবির থেকে এখন পর্যন্ত ৩ হাজার ফিলিস্তিনিকে স্থানীয় হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে অনেকই অসুস্থ এবং প্রবীণ।

ইসরাইলের ভাষ্য হচ্ছে, এই অভিযানের মাধ্যমে ‘সন্ত্রাসীদের আস্তানা’ নিশানা করা হচ্ছে। তবে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের নিরস্ত্র মানুষের ওপর আবারও নতুন করে যুদ্ধাপরাধ করছে ইসরাইল। জেনিনের কিছু রাস্তায় ফিলিস্তিনিরা টায়ার পুড়িয়ে ইসরাইলি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করছে। ইসরাইলি সামরিক জিপের দিকে তরুণ ফিলিস্তিনিরা পাথর ছুড়লেই সৈন্যরা পালটা গুলি করছে।

জাতিসংঘ বলছে, জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর অভিযানের প্রভাব নিয়ে তারা উদ্বিগ্ন। এই হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। ইসরাইলকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জর্দান। প্রসঙ্গত, ২০০২ সালের এপ্রিলে ইসরাইলি বাহিনী জেনিনে এক পূর্ণমাত্রার সামরিক অভিযান চালায় যাতে কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি এবং এবং ২৩ জন ইসরাইলি সেনা নিহত হয়।

  • তেল আবিবে পথচারীদের ওপর গাড়ি

গতকাল মঙ্গলবার তেল আবিবের একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দিলে কমপক্ষে সাত জন আহত হয়েছে। সন্দেহভাজন ঐ হামলাকারী একজন ফিলিস্তিনি এবং তিনি পশ্চিম তীরের বাসিন্দা। পুলিশ বলছে, তেল আবিবের পিনচাস রোজেন স্ট্রিটের একটি শপিং সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা মানুষজনকে একটি চলন্ত গাড়ি ধাক্কা মারে এবং তারপর চালক গাড়ি থেকে বেরিয়ে ধারালো অস্ত্র দিয়ে মানুষজনকে আঘাতের চেষ্টা চালায়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এক বিবৃতি দিয়ে বলেছে, জেনিনে ইসরাইলের হামলার বদলায় তেল আবিবে এই নায়কোচিত হামলা হয়েছে। দখলদাররা (ইসরাইল) যেভাবে ন্যূনতম মানবিকতার সমস্ত রীতি ভঙ্গ করছে তাতে এই হামলা বৈধ একটি আত্মরক্ষা।

 

ইত্তেফাক/ইআ