কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে তুরস্ক-মিশর

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৪:৩২

দীর্ঘ এক দশক পর আবারও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করছে মিশর ও তুরস্ক। সম্পর্ক পুনরুদ্ধারে উভয় দেশ ইতোমধ্যে রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে কায়রো ও আঙ্কারা বলেছে যে, তুরস্ক সালিহ মুতলু সেনকে কায়রোতে নিজেদের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে। অন্যদিকে, আমর এলহামামিকে আঙ্কারায় রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে মিশর। 

বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের প্রেসিডেন্টের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কায়রো-আঙ্কারার মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নীতকরণের প্রক্রিয়া বাস্তবায়ন হয়েছে। তুর্কি ও মিশরীয় জনগণের স্বার্থে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যেই এ পদক্ষেপ।

২০২১ সালে আঙ্কারা ও কায়রোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়। মিশর ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইসরাইল ও সৌদি আরবের মতো অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক মেরামতের জন্য বৈদেশিক নীতির উদ্যোগ শুরু করেছে আঙ্কারা। ২০২২ সালের বিশ্বকাপে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান দোহায় হাত মেলানোর মধ্যে দিয়ে আঙ্কারা-কায়রোর সম্পর্ক পুনরুদ্ধারে আলো দেখা যায়। এরই অংশ হিসেবে গত মে মাসে দুজন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হন।

উল্লেখ্য, ২০১৩ সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিশরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিশরের তত্কালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৯ সালে আদালতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় মিশরের জননেতা মুরসির।

ইত্তেফাক/ইআ