সিরিয়াল ভেঙে শেভ না করায় 

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নাপিতকে মারধরের অভিযোগ

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৯:৩২

সাভারের আশুলিয়ায় শহিদ ওরফে ডন নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সিরিয়াল ভেঙে দাড়ি শেভ না করায় এক নাপিতকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা সেলুনে ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার এতিম মার্কেটের বাদল হেয়ার কাটিংয়ে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।

আসামিরা হলেন আশুলিয়ার টেঙ্গুরী কোনাপাড়া এলাকার বাসিন্দা ও শিমুলিয়া ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ ওরফে ডন, একই এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে আশরাফ ও জয়নাল আবেদীনের ছেলে হিমেল।

ভুক্তভোগীরা হলেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার নলেয়া গ্রামের মৃত কৃষ্ণ লাল শীলের ছেলে নরসুন্দর বাবুল চন্দ্র শীল ও তার ছেলে বাদল চন্দ্র শীল।

জানা যায়, মঙ্গলবার রাতে বাবুল চন্দ্র শীল একজনের চুল কাটছিলেন। তখন তার চুল কাটা শেষ না হতেই আওয়ামী লীগ নেতা শহিদ সেলুনে এসে তার শেভ করে দিতে বলেন। বাবুল ১০ মিনিট দেরি হবে বললে তার ওপর ক্ষিপ্ত হন আওয়ামী লীগ নেতা শহিদ। একপর্যায়ে অভিযুক্ত শহিদ ভুক্তভোগী বাবুল চন্দ্র শীলকে পেটানো শুরু করে। এ সময় তার ছেলে শহিদ চন্দ্র শীল তার বাবাকে বাঁচাতে আসলে শহিদ এবং তার সহযোগীরা তাকেও মারধর করে। পরে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও টাকা লুট করে নেয়।

শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিবুল ইসলাম বাবুল বলেন, ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ পেলে বা ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীকে মারধর ও দোকানপাট ভাঙচুরের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এবি/পিও