বাঘা সীমান্তে ফেনসিডিল উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক ২

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২১:৩৪

রাজশাহীর বাঘা সীমান্ত এলাকা থেকে ৭৪৩ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে রাজশাহী ডিবি পুলিশ। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। 

মঙ্গলবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘা থানার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মণ্ডলের ছেলে ও একই অঞ্চলের মাদক সম্রাট চপল আলী (৩৫) এবং ভারত মুর্শিতাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারির গ্রামের মৃত নুজবার শেখের ছেলে জামরুল শেখ (৩৪)।

রাজশাহী ডিবি পুলিশের একজন মুখপাত্র জানান, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক জামরুল গত রাতে ফেনসিডিলের চালান নিয়ে পদ্মা নদী পার হয়ে বাঘা সীমান্ত এলাকায় প্রবেশ করে। এ সময় বাঘার কয়েকজন মাদক কারবারি ফেনসিডিল নেওয়ার জন্য সীমান্ত এলাকার জনৈক জামালের আম বাগানে অপেক্ষা করে। এমন তথ্য পেয়ে মাদক কারবারিরা সেখানে পৌছার আগেই রাজশাহী গোয়েন্দা শাখার সদস্যরা আম গাছে উঠে অপেক্ষা করতে থাকে। একপযায় ভারতীয় নাগরিক জামরুল ফেনসিডিলের বস্তা হস্তান্তর করতে আম বাগানে এলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ডি.বি পুলিশ। এ সময় তিনজন মাদক কারবারি পালিয়ে যায় এবং দু’জনকে আটক করা হয়।

জামরুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এর আগেও সে অসংখ্যবার এমন বড় চালান নিয়ে বাংলাদেশে এনেছে। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেনসিডিল আনা সুবিধা হয়। ফেনসিডিলের বস্তা টিউবের সঙ্গে বেঁধে তিনি সাঁতরে নদী পাড়ি দেন। 

অপরদিকে বাঘার মাদক সম্রাট চপল জানান, সে দীর্ঘদিন ধরে ফেনিসিডিলের কারবার করে আসছে। বাঘা থানার তালিকাভুক্ত মাদক কারবারি সে । 

বাঘা থানার ওসি খাইরুল ইসলাম জানান, চপলের নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা রয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে বাঘা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও