ময়মনসিংহ ও কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও চার জন।
নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা আ. বাতেন (৮০) ও হালুয়াঘাট উপজেলার আশরাফুন্নাহার (৬০)।
আহতরা হলেন জুয়েল (৩০), রোকসানা (৩৫), ফারজানা (১৬) ও সামিয়া (৮)। তাদের সবার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শারমীন আক্তার জানান, বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ও কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর কটিয়াপুরি বিল এলাকায় ভৈরব থেকে ময়মনসিংহগামী শ্যামলছায়া এক্সপ্রেসের একটি বাস নান্দাইলগামী সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। এ ঘটনায় আহত পাঁচ জনকে হাসপাতালে আনার পর আরও একজন মারা যান।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি জব্দ ও বাসচালক আবুল কাসেমকে আটক করা হয়েছে।
