বগুড়ায় পুরোনা ঘাঁটি পুনরুদ্ধারে মাঠে বিএনপি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে বিএনপি। আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যে গত ২৬ নভেম্বর তিনজন প্রার্থী মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন। এরা হলেন: জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন, সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা ও বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

এদের মধ্য কে হবেন বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এনিয়ে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত এ আসনে কে হবেন ধানের শীষের কাণ্ডারী তা জানার জন্য হাইকমান্ডের দিকে তাকিয়ে আছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লার সঙ্গে কথা হলে তিনি বলেন, এ আসনে যৌথভাবে তিনজনকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। বিগত সময়ে আমি এ আসনে চারবার এমপি ছিলাম। এলাকার জনগণ আমাকে আবারো এমপি হিসেবে দেখতে চায়। দল যদি আমাকে ধানের শীষ প্রতীক দেয় তবে আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ।

আরেক সম্ভাব্য প্রার্থী জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন বলেন, বিএনপির ক্রান্তিকালে আমি এলাকায় ছিলাম। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। বিভিন্ন হামলা-মামলা ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে তাদের সহযোগিতা করে আসছি। ধানের শীষ প্রতীক পেলে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

অপর মনোনয়ন প্রত্যাশী বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবি ত্বরান্বিত করার জন্য ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিজয়ের লক্ষ্য নিয়েই নির্বাচনী মাঠে আছি।