পাবনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৬:২০

পাবনার সাঁথিয়ায় রোখসানা খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সুমনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পার করমজা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সুমন সাঁথিয়া উপজেলাধীন পার করমজা গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহত রোকসানা শাহজাদপুর উপজেলার চয়রা গ্রামের রওশনের মেয়ে।

জানা যায়, ৮ বছর আগে রোকসানা খাতুনের সঙ্গে সুমনের বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছরের একটি মেয়ে ও দেড় বছরের এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকে সুমন তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই রোকসানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১০টার দিকে ঔষধ খাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে স্বামী সুমন রোকসানাকে মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভিযুক্ত সুমন জানায়, ঔষধ খাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এরপর রেগে গিয়ে রোকসানাকে মারধর করলে সে অজ্ঞান হয়ে যায়। আমি বুঝতে পারিনি। পরে দেখি মারা গেছে।

মেয়ের বাবা রওশন আলম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে সুমন নানাভাবে নির্যাতন করতো। টাকা-পয়সা চাইতো। সে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতে রোকসানার মৃত্যু হয়েছে। নিহতের স্বামী সুমনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। 

ইত্তেফাক/এবি/পিও