সরকারি বন্ডের বাজার উন্নয়নে কাজ করবে আইএমএফ

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৮:৪২

পুঁজিবাজারে সরকারি বন্ডের উন্নতি দেখতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

বৈঠক শেষে বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এর আগে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ ও বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

সংবাদ সম্মেলনে মেজবাউল হক জানান, সরকারি বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করতে চায় আইএমএফ ও বিশ্বব্যাংক। গত বুধবার (৫ জুলাই) তারা ঢাকায় এসেছেন। আজকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সরকারি বন্ড নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আইএমএফের ৫ জন ও বিশ্বব্যাংকের দু’জন উপস্থিত ছিলেন।

তিনি জানান, সরকারি বন্ড নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গেও এই প্রতিনিধি দল বৈঠক করবেন। তাদের মূল লক্ষ্যই সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ডের উন্নতি করা।

ইত্তেফাক/আরএজে