আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হতাশাজনক হারের পর আচমকা ব্যক্তিগত সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। অশ্রুসিক্ত নয়নে ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ের ইতি টানেন তামিম। দেশসেরা এই ব্যাটারের অবসরে অনেকেই প্রতিক্রিয়া জানান। তবে নীরব ছিলেন তামিমের দীর্ঘদিনের বন্ধু সাকিব আল হাসান।
তবে একদিন পর তামিমকে নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার তার ফেসবুক ভেরিফায়েড পেইজ লেখেন, '২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।'
সাকিব আরও লেখেন, 'একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম - আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।'
সবশেষে তামিমকে শুভকামনা জানিয়ে তিনি লেখেন, 'তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে...কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে। তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলি উপভোগ কর।'
