নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: আরাফাত

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৮:২৫

নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন  ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এ কথা বলেন। শুক্রবার (৭ জুলাই) সকাল ১০ টায় রাজধানীর ৭ তলা বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ এ. আরাফাত বলেন,‌ ঢাকা ১৭ আসনের অন্তর্গত প্রত্যেকটি এলাকায় নৌকা মার্কার জোয়ার বইছে। নির্বাচনে যদি সাধারণ মানুষ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসব। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে। বিগত দিনে যে কাজগুলো করা হয়নি, সবার পরামর্শ নিয়ে আমরা সেই কাজগুলো করব।  

গণসংযোগকালে মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই। যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমরা যে সংকল্প করেছি তা হলো, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আমরা বহু সংখ্যক ভোটারদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত করতে চাই। তাদেরকে নৌকায় ভোট দেওয়ার মাধ্যমে এবং নৌকাকে বিজয়ী করার মাধ্যমে গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই। আমাদের স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে বিজয় নিশ্চিত করতে চাই।

গণসংযোগকালে মোহাম্মদ এ আরাফাত।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। বিএনপি-জামাত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। সাধারণ ভোটারদের নির্বাচনে ভোট দানে নিরুৎসাহিত করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১৭ জুলাই আমাদের  নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কচি, সহ-সভাপতি এম এ কাদের খান, মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীমসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এএএম