কক্সবাজারের রামুর পাহাড় থেকে অসুস্থ হয়ে সমতলে নেমে আসা একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি কেচুবনিয়ায় এ ঘটনা ঘটে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সমীর রঞ্জন সাহা বলেন, বৃহস্পতিবার ভোরে একটি হাতি হঠাৎ পাহাড় থেকে বিলে নেমে এসে দিগ্বিদিক ছুটছিল। এদিক সেদিক ঘুরতে ঘুরতে সকালের দিকে কেচুবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে হাতিটি লুটিয়ে পড়ে। তা দেখে বন বিভাগকে খবর দেন স্থানীয়রা।
বন কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা হাতিটিকে পর্যবেক্ষণ করার সময় তা উঠে দাঁড়াতে চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি সার্জন ও রামু উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকে দিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপরও তাকে আর স্বাভাবিক অবস্থায় ফেরানো যায়নি। বিকাল চারটার দিকে হাতিটি মারা যায়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাতির মৃত্যু হয়েছে। এটি পুরুষ হাতি এবং এর বয়স আনুমানিক ৫০-৬০ বছর। বয়সের কারণে এটি অসুস্থ হয়ে মারা গেছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। এরপরও মৃত্যুর আসল কারণ জানতে নমুনা সংগ্রহের পর হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
