তামিমের অবসর ইস্যু

নিজেদের সাংগঠনিক দুর্বলতা দেখাল বিসিবি

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১:৩০

দেশের সবচেয়ে বড় ক্রীড়াসংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯০০ কোটি টাকা যাদের ঝুলিতে। লোক-লশকরের অভাব নেই। চাওয়ার আগে পৌঁছে যায় সব। তাদের তো কোনো সমস্যাই থাকার কথা নয়। দুই দিন আগেও ফুটবলের ইস্যুতে বিসিবি গলা ছেড়ে বক্তব্য দিল। সেই সংগঠন ভেতরে ভেতরে ছাইচাপা আগুনে পুড়ছে, তা কে জানত। নিজেদের ঘরের ভেতরেই যেখানে সাংগঠনিক দুর্বলতা, সেখানে তারা কীভাবে অন্যদের নিয়ে কথা বলেন তা নিয়েই কাল প্রশ্ন তুললেন সাধারণ দর্শক। প্রধানমন্ত্রীর গণভবনের সামনে ক্রিকেট অনুরাগীরা বিসিবির নীতিনির্ধারকদের নিয়ে ক্ষোভ ঝাড়লেন। তাদের মুখে বিসিবির সাংগঠনিক দুর্বলতার কথাগুলো উঠে আসছিল। 

তামিম ইস্যুতে দেশের মানুষ দেখল একটা বোর্ডের সাংগঠনিক দুর্বলতা। একজন ক্রিকেটার অবসর নিলেন তার সমাধান করতে হলো দেশের প্রধানমন্ত্রীর। সিরিজ চলাকালীন অভিমানী বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল অবসরের ঘোষণা দিলেন। তামিম নিজে কাঁদলেন দেশের ক্রিকেটভক্তদের কাঁদালেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই বলেছেন, তিনি তামিমকে ফোন করেছেন। এসএমএস করেও সাড়া পাননি। তামিম কেন অবসর নেবে! আবার এও বলেছেন, সংবাদমাধ্যমে এখন কেন কাঁদছে। বিসিবির সভাপতির এমন সব কথায় দেশের ক্রিকেট অনুরাগীরা ভিন্ন চোখে দেখেছেন। বিসিবি সভাপতি নিজেই তামিম ইস্যু সমাধান করতে পারতেন। কারণ অনেক দিন ধরেই তামিমকে আর কোচ চণ্ডিকা হাথুরুসিংকে নিয়ে সমস্যা চলছিল। সেটি সমাধান করতে পারেনি বিসিবি। দল বেঁধে বিদেশে খেলা দেখতে যান বোর্ড কর্মকর্তারা। চট্টগ্রামেও গিয়েছিলেন। কিন্তু তামিম ইস্যুটা সমাধান করার উদ্যোগ নেননি কেউ। তাহলে এত দূর এগোত না। দেশের ক্রিকেটের জন্য এটা খুব মঙ্গলজনক হয়নি। সেটা পাপনও বুঝতে পারছেন। বলেছেন, ‘প্রভাব পড়বেই।’

তামিমের অবসরের ব্যাপারে বিসিবি বস পাপনের কোনো দায় আছে কি না, সেই প্রশ্নে পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাকে যদি এই প্রশ্ন করেন, তাহলে আমি বলব প্রশ্নই ওঠে না। এরকম সিদ্ধান্ত আসলে ১ হাজার বার বলব। আমি তামিমকে বললে, সে তার নামই বলেছে। সে খেলবে। তামিম ফিটনেস পরীক্ষা দিয়েছে এবং সে পাশও করেছে। তাহলে কেউ যদি আগের দিন বলে আমি ফিট না, পৃথিবীর কোনো বোর্ড এটা গ্রহণ করবে না। আনফিট হলে সে (তামিম) খেলছে কেন। আপনারা কি বলেন আনফিট হয়েও কেউ খেলবে। প্লেয়ার যদি বলে সে ঠিক আছে সে খেলবে। ফিজিওরা যদি বলে পাশ করেছে। আমি কি আনফিট বলব।’ 

সংবাদমাধ্যম প্রশ্ন করল, পাপনের ওপর অভিমান করেই নাকি তামিম অবসর ঘোষণা দিয়েছেন। এই প্রশ্নে পাপন বলেন, ‘আমার মনে হয় না। ওর সঙ্গে কথা না হওয়া পর্যন্ত বলতে পারব না। আমি একটা কথা বলতে চাই। কেউ যদি ফিট না থাকে, ইনজুরি থাকে। তারা যেন আমাদেরকে বলে। আমাদেরকে কিছু না বলে মিডিয়াকে কিছু বলা, এটার কারণ কী। খেলোয়াড়দের ভবিষ্যত্ পরিকল্পনা কী, অবসরের পরিকল্পনা কী-খেলোয়াড়রা যদি এটা বলে, আমরা তাদেরকে সুন্দরভাবে বিদায় দিতে পারি।’ 

বিসিবি সভাপতি পাপন খুব আক্ষেপ করে বললেন, ‘আমরা সকলে আশা করছিলাম বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে। এমন একটা সময়, এমন একটা সিদ্ধান্ত এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর।’

ইত্তেফাক/এসএস