জমি নিয়ে বিরোধের জেরে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় শুক্রবার (৭ জুলাই) ভাগ্নিদের মারধরের মামার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মৃত রুস্তম আলী (৪৫) একই এলাকার আফিল উদ্দিনের ছেলে।
নিহতের শাশুড়ি আফসানা বেগমের অভিযোগ, জমি নিয়ে রুস্তমের বোনের মেয়েদের সঙ্গে তার বিরোধ ছিল। এই নিয়ে ভাগ্নিরা তাকে অনেক হুমকি দিত। শুক্রবার সন্ধ্যার দিকে তার চার ভাগ্নি শিউলি, বিথী, রাণী ও বিউটি তার বাড়িতে যায় এবং তর্কবিতর্ক করে। এক পর্যায়ে লাঠি দিয়ে মারধর শুরু করে তারা। এছাড়া কিল ঘুষি মেরে রুস্তমকে জখম করে।
তিনি জানান, তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। আহত রুস্তমকে রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিসাধীন অবস্থায় ৯টার দিকে মারা যান। তার লাশ মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালি থানায় ওসি তাজুল ইসলাম বলেন, রেলগেটে একজন মারপিটের শিকার হয়ে মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
