হাতীবান্ধায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে 

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৫:২৬

লালমনিরহাটের হাতীবান্ধা পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনের অনবরত বর্ষণ, উজানের পাহাড়ি ঢল থেকে নেমে আসা পানির ফলে এ নদীর পানি প্রবাহ বেড়েছে। এ কারণে ব্যারাজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

শনিবার (৮ জুলাই) সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার স্বাভাবিক প্রবাহ হলো ৫২ দশমিক ১৫সেন্টিমিটার।

ইতোমধ্যে  তিস্তা নদীর পাশ্ববর্তী হাতীবান্ধা উপজেলার কয়েকটি গ্রামের শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

ব্যারেজ কর্তৃপক্ষ জানান, ভোর থেকে নদীর পানি প্রবাহ আরও বাড়তে থাকে। পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ভারতের গজলডোবায় তিস্তার পানি প্রবাহ বেড়ে যাওয়ায় উজানের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বেড়েছে।

নদীপাড়ের লোকজন জানান, পানি বেড়ে যাওয়ার কারণে জেলার চরাঞ্চলের ফসলের ক্ষেতগুলো ডুবে গেছে। নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত ডুবে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের তিস্তা ব্যারেজের ডালিয়া শাখার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি প্রবাহ কিছুটা বেড়েছে। সবগুলো জলকপাট খুলে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে।

 

ইত্তেফাক/আরএজে