মাদারীপুরে বাড়ি যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ জুলাই) রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত যুবক হলেন ছিলারচর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার নাম শওকত তস্তার (৩০)।
জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে ভুক্তভোগী কিশোরীর মুখ চেপে পাশের একটি পুকুর পাড়ের ঝোপের ভেতর নিয়ে যায়। সেখানে ভুক্তভোগী কিশোরীকে ২ ঘণ্টা আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে ওই যুবক। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়েটি খুবই সহজ-সরল। সারাদিন আমি ভ্যান চালাই আর মেয়েটি আমার ফুফুর সঙ্গে বাড়িতে থাকে। শওকত আমার মেয়েটির সর্বনাশ করেছে, আমি ওর কঠিন বিচার চাই।
মাদারীপুর জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান বলেন, ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।
মাদারীপুর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
