এই জেনারেশনের সাম্প্রতিক সেনশেসন লেডি গাগা থেকে মিলি সাইরাস, রিহান্না বা আরিয়ানা গ্রান্ডে--এদের মধ্যে মিল রয়েছে একটা বিষয়ে। বিশ্বখ্যাত এইসব তারকা সবাই জীবনের কোনও না কোনও সময়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন ম্যাক কোম্পানির ‘ভিভা গ্ল্যাম’ লিপস্টিকের। টাইমস অব ইন্ডিয়া, সিডনি মর্নিং হেরাল্ড।
বিশ্বের প্রথম সারির লিপস্টিকগুলোর মধ্যে প্রথমদিকেই উচ্চারিত হয় ম্যাক এর নাম। শুধু লিপস্টিক নয়, এই ব্র্যান্ডের প্রসাধনী রেঞ্জের খ্যাতিও বিশ্বজোড়া। কিন্তু যে বিষয়টি অনেকেই জানেন না, তা হল, বিগত সিকি শতক ধরে ম্যাক তাদের ‘ভিভা গ্ল্যাম’ লিপস্টিক বিক্রি থেকে প্রাপ্ত আয়ের পুরো টাকাটাই এইডস প্রতিরোধের ওষুধ আবিষ্কারের গবেষণায় দান করে আসছে।
বাংলাদেশি টাকায় ১৮০০ টাকার কাছাকাছি দামের এই ‘ভিভা গ্ল্যাম’ লিপস্টিক পাওয়া যায় মাত্র তিনটি শেডে। কিন্তু তার জোরেই গত ২৫ বছরে ‘ভিভা গ্ল্যাম’ লিপস্টিক বিক্রি করে তার পুরোটাই বা প্রায় ৫০ কোটি মার্কিন ডলার এই মহৎ উদ্দেশ্যে দান করেছেন ম্যাক কর্তৃপক্ষ।
এবার ২৫ বছর পূর্তিতে এইডস প্রতিরোধের গবেষণা ছাড়াও সমাজে পিছিয়ে পড়া শ্রেণি, এলজিবিটি সম্প্রদায় এবং নারী ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বড় অঙ্কের টাকা দান করার কথা সম্প্রতি ঘোষণা করেছেন ম্যাক কর্তৃপক্ষ। পাশাপাশি, আগামী ৩ বছর, প্রতি বছর সাড়ে ১০ কোটি টাকা তাঁরা দান করছেন ইউনিসেফের তহবিলে, যা কাজে লাগানো হবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এইআইভি আক্রান্ত মায়েদের চিকিৎসার জন্য।
সংস্থার গ্রুপ প্রেসিডেন্ট জন ডেমসি জানিয়েছেন, ১৯৯৪ সালে এই উদ্যোগ শুরু করার সময় তাঁদের ধারণা ছিল না, এতটা বড় আকার নিতে পারবে এই চেষ্টা। কিন্তু ২৫ বছর পেরিয়ে আসার পর সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা মাথায় রেখে আমাদের মনে হচ্ছে, সংস্থার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আরও বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া উচিত। যার জন্য এই পদক্ষেপ করছি আমরা।
পাশাপাশি ডেমসি আরও জানিয়েছেন, আরিয়ানা গ্রান্ডের মতো তারকাদের এনডোর্সমেন্টের জন্য যে বিপুল পরিমাণ অর্থ লাগে তা কিন্তু দিতে হয় না ম্যাককে। কারণ, সংস্থার এই মহৎ উদ্দেশ্যের কথা মাথায় রেখে অনেকেই নামমাত্র খরচে রাজি হয়ে গিয়েছেন তাঁদের পণ্যের প্রচার করতে।
আরও পড়ুনঃ নাস্তিকের সংখ্যা বাড়ছে আরব দেশগুলোতে: জরিপ
যে কারণে বিক্রিও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ইতিমধ্যেই ‘ভিভা গ্ল্যাম’ লিপস্টিকের মোট বিক্রির ৭০ শতাংশই বিদেশ থেকে আসে জানিয়ে ডেমসির দাবি, আগামী দিনে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো একাধিক দেশে এই ব্যবসাকে আরও বাড়াতে চান তাঁরা।
ইত্তেফাক/টিএস
