ভারতে ৪০ বছরের রেকর্ড বৃষ্টি, মৃত ১২

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৯:০২

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চলে গত দুইদিন ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এই অতিবৃষ্টিতে দুই দিনে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় আবহাওয়া অফিস আইএমডি জানিয়েছে, দিল্লিসহ উত্তর ভারতে গত শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮২ সালের পর থেকে জুলাই মাসে দিল্লিতে এত বৃষ্টি কখনো হয়নি।

মৃতদের মধ্যে ভবনধসে দিল্লিতে একজন, উত্তরপ্রদেশে ছয়জন, হিমাচল প্রদেশে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া জম্মু ও কাশ্মীরে পানিতে ডুবে দুজন ভারতীয় সেনা মারা গেছেন।

দিল্লি, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে আগামী এক-দুইদিন আরও বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আইএমডি।

এদিকে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শ্রীনগর-জম্মু মহাসাগরে অন্তত ৩ হাজার গাড়ি আটকে আছে। ওই সড়কের একটি অংশ বৃষ্টিতে দেবেও গেছে। এছাড়া কুল্লো বিভাগের জাতীয় মহাসড়কের একটি অংশ বন্যার পানিতে ভেসে গেছে। সেখানে বিয়াস নদীর পানি বিপদ সীমার ওপর অবস্থান করছে।

ইত্তেফাক/এএইচপি