‘জনগণকে স্থায়ী বন্দিত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখতে ব্যক্তিগত তথ্য ফাঁস’

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২১:৪০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণকে স্থায়ীভাবে বন্দিত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখার জন্য কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে। বিনা ভোটের সরকার জনগণকে প্রতিপক্ষ মনে করে সংরক্ষিত তথ্য ফাঁস করেছে। রোববার (৯ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের লোকজনের সহায়তা ছাড়া এই কাজ সম্ভব নয়। জনগণের জান-মাল,সহায়-সম্বল হেফাজতের দায়িত্ব সরকারের। ভোটারবিহীন দখলদার সরকার জনগণের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়ে গোটা জাতিকে নিরাপত্তাহীন ও অরক্ষিত করে ফেলেছে। জাতীয় পরিচয়পত্রে যে সকল তথ্য থাকে, সে তথ্য দিয়ে মানুষের ব্যাংকে গচ্ছিত অর্থ লোপাট করা সম্ভব। যতদিন এটি নির্বাচন কমিশনের অধীনে ছিলো ততদিন তো ফাঁস হয়নি। তাদের অধীন থেকে সরকার নিজ দায়িত্বে নেওয়ার পরই এটা ফাঁস হয়েছে। এর ভেতর সরকারের কোনো সুপরিকল্পিত গভীর চক্রান্ত থাকতে পারে। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা লুটপাট হয়েছিল, তার সঠিক প্রতিবেদন আজও প্রকাশ পায়নি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই সরকার রক্তাক্ত সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠিত করেছে। পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে হত্যার সংখ্যা। দেশকে পরিণত করা হয়েছে মৃত্যু উপত্যকায়। এদের মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনের। অতীতের সমস্ত নজির ভেঙে গোটা দেশের মানুষের জীবন ও জীবিকার ওপর বিপর্যয় নেমে এসেছে। তাই আজ এদের সীমাহীন অনাচারের বিরুদ্ধে জনগণ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। জনগণকে আর আটকিয়ে রাখা যাবে না। মিটিং,মিছিল,শ্লোগান প্রতিরোধের উদ্বেল অভিযাত্রায় রাজপথে অচিরেই জনগণের বিপুল তরঙ্গ উঠবে। তাই আগামী বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ঐদিন দলের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। 

ইত্তেফাক/এবি/পিও