আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২৩, ২০:৫১

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে বাল্কহেড ডুবির ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার নিখলী চর-কামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভোলা আহম্মদপুর এলাকার মিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৪৫), রংপুর কাউনিয়া এলাকার ফজলুল ইসলামের ছেলে একরামুল (৩০) ও নড়াইল লোহাগড়ার আফজাল হোসেনের ছেলে ইছা হোসেন (২২)।

স্থানীয় মো. শহিদ নামের এক ব্যক্তি বলেন, অনেক দিন ধরেই আড়িয়াল খাঁ নদ খননের কাজ চলছে। নদের বিভিন্নস্থান থেকে খনন করা বালু বাল্কহেডে করে নদের পাড়ে এনে ছোট ড্রেজার দিয়ে আনলোড করে। বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সেখান থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।

শিবচরের নিখলীর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, নদ থেকে বালু উত্তোলন করে পাড়ে ফিরছিল বাল্কহেডটি। নদীতে তীব্র স্রোত থাকার কারণে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডটিতে থাকা তিন শ্রমিক নিখোঁজ হয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।

 

ইত্তেফাক/এবি/পিও