ফের অশান্তির আশঙ্কা 

এবার বাস্তিল দিবসে ফ্রান্সে পুড়বে না আতশবাজি 

আপডেট : ১০ জুলাই ২০২৩, ২১:৩৩

১৪ জুলাই ফ্রান্সের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ফরাসি বিপ্লবের সময় এ দিনেই পতন ঘটেছিল বাস্তিল দুর্গের। বার্ষিক এই বাস্তিল দিবস উদযাপন সাধারণত করা হয়ে থাকে আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে। আতশবাজি পুড়িয়ে উদযাপনে সামিল হয় মানুষ। কিন্তু, এ বছর বাস্তিল দিবসে আতশবাজি নিষিদ্ধ করেছে ফ্রান্স সরকার।

রবিবার জারি করা এক সরকারি ডিক্রিতে বলা হয়েছে, “উত্সবের দিনে আতশবাজির কারণে আইন-শৃঙ্খলায় গুরুতর বিঘ্ন ঘটার ঝুঁকি রয়েছে। এ জন্য ১৪ ও ১৫ জুলাই পাইরোটেকনিক আর্টিকেল এবং আতশবাজি বিক্রি, সঙ্গে রাখা, সাথে নিয়ে ঘোরা ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।” 

ফ্রান্সে পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে সেখানে নজিরবিহীন দাঙ্গা চলছে। এ সময় বিক্ষোভকারীদের পছন্দের অস্ত্র ছিল আতশবাজি। দাঙ্গার এ বিষয়টিকে মাথায় রেখেই ফ্রান্সের সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে, এ নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়নি প্রশাসনিক সংস্থা এবং পৌরসভাগুলোকে। তারা আগের মতোই বাস্তিল দিবস উদযাপনে আতশবাজি প্রদর্শনী করতে পারবে।

ইত্তেফাক/এএইচপি