নওগাঁর রাণীনগরে পুকুর থেকে পানি সেচের সময় লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
উপজেলার শীবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামে সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনায় মৃত শফিকুল ইসলাম শফিক (৩৫) একই গ্রামের হুজুর আলীর ছেলে। তিনি কালীগ্রাম ইউপির ৫নম্বার ওয়ার্ডের সদস্য ছিলেন।
মৃতের বড় ভাই সাইদুর রহমান জানান, বাড়ির পাশে একটি পুকুর থেকে মাছ ধরার জন্য রোববার থেকে বিদ্যুৎচালিত মোটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিলাম। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ছোট ভাই শফিকুল পুকুরটি দেখতে যায়। তখন মোটরে পানি উঠছিলো না। এ সময় পানির লাইন ঠিক করার জন্য মটরের ফ্যান পরিষ্কার করতে পুকুরে নামে শফিকুল। বিদ্যুতের সংযোগ থাকা অবস্থায় মটরের ফ্যান পরিষ্কার করার সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুরে ভাসছিল। এ সময় একজন প্রতিবেশি শফিকুলকে পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেন। পরে শফিকুলকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ময়নাতদন্তের জন্য ইউপি সদস্যের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
