সাংবাদিক নাদিম হত্যা

প্রধান আসামি বাবু চেয়ারম্যানসহ ৬ জনের জামিন নামঞ্জুর

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৯:৩৪

জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক  ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১১ জুলাই) সকালে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভির আহমেদ আদেশ দেন।

আসামিরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, জাকিরুল, আন্দোলন সরকার ও মকবুল।

বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যানসহ ৬ জনের জামিন শুনানি হয়েছে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

উল্লেখ্য, ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান। এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইত্তেফাক/এবি/পিও