কুমিল্লায় চোর সন্দেহে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ জুলাই) রাত ১২টার দিকে নগরীর ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন নগরীর উনাইসার এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি মুরাদনগর উপজেলার রামপুর গ্রামে।
স্থানীয়রা জানান, সাদ্দাম হোসেন কুমিল্লা ইপিজেডের শ্রমিক হিসেবে কাজ করতেন। একটি মোবাইল চুরির ঘটনা নিয়ে সোমবার রাতে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয়। উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিউলি বেগম বলেন, আমার স্বামী কোনো চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন না। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, রাত পৌনে ৪টার দিকে দুই ব্যক্তি মৃত অবস্থায়ই সাদ্দামকে হাসপাতালে নিয়ে আসেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, সোমবার রাতে দুর্বৃত্তরা ঢুলিপাড়া এলাকায় মোবাইল চুরির ঘটনায় সাদ্দাম নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে। হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।
