ভাঙ্গায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১১:৪৪

ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ফকির (৩৫) ওই গ্রামের নুরা ফকিরের ছেলে। ঘটনার পর ছোট ভাই আমির ফকির এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ভাই আনোয়ার ফকির তার সন্তানসম্ভবা স্ত্রীর জন্য বাড়ির পাশে একটি কাঁচা বাথরুম নির্মাণ করতে যান। সেখানে তার ছোট ভাই আমির ফকির তাকে বাধা দেন। এতে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা শুরু হয়। একসময় ছোট ভাই আমির ক্ষিপ্ত হয়ে আনোয়ারকে মারতে যান। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আনোয়ার ফকির রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও কোন মামলা হয়নি। মামলা হলে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসকে