আড়াই শতাধিক গাড়ি নিয়ে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ সাবেক মেয়র জাহাঙ্গীর

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৬:২৮

আড়াই শতাধিক গাড়িতে নেতা-কর্মীদের নিয়ে রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এছাড়া, নেতা-কর্মীদের খাওয়ানোর জন্য সকাল থেকে খিচুড়ি রান্না করা হচ্ছে তার বাসভবনে।

বুধবার (১২ জুলাই) সমাবেশ উপলক্ষে সকাল থেকে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে নেতা-কর্মীরা মহানগরীর ছয়দানা এলাকায় তার বাসভবনের সামনে উপস্থিত হয়।

জানা যায়, বুধবার বিকাল ৩টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) আওয়ামী লীগ। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

গাড়িবহরে থাকা নেতা-কর্মীরা বলেন, জাহাঙ্গীর আলম শান্তি সমাবেশে যেতে বলেছে। সকাল থেকে খিচুড়ি রান্না করে প্রত্যেকের গাড়িতে খাবার দেওয়া হয়েছে। বাস, ব্যক্তিগত গাড়িসহ আড়াই শতাধিক গাড়িতে করে আমরা সমাবেশে এসেছি। অনেকেই এখনো আসছে।

নাজমুল হোসেন নামে কর্মী জানান, জাহাঙ্গীর আলম ভাইয়ের নির্দেশে গাড়ি নিয়ে এসেছি। আমার সঙ্গে ৪০ জন লোক এসেছে। আমার মতো এমন অনেকেই এসেছেন। হাজার হাজার নেতা-কর্মী গাজীপুর থেকে ঢাকার শান্তি সমাবেশে এসেছে।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আজকের শান্তি সমাবেশে আমাকে নেতা-কর্মীদের নিয়ে আসতে বলেছে। সেজন্য নেতা-কর্মীরা বাসায় এসেছেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আড়াই শতাধিক গাড়িসহ নেতা-কর্মীদের নিয়ে এসেছি।

ইত্তেফাক/এবি/পিও