মানিকগঞ্জে কুকুরে কামড়ানো ছয় মাসের গর্ভবতী গাভীর মাংস বিক্রির চেষ্টার দায়ে সাগর আলী নামে এক মাংস ব্যবসায়ীকে ১ লাখ এবং গরুর ব্যাপারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) সকালে অভিযান চালিয়ে দু’জনকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল বলেন, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ঘিওর থেকে একটি পিকআপে কুকুরের কামড়ে অসুস্থ হয়ে যাওয়া ছয় মাসের গর্ভবতী গাভী জবাই করে বিক্রির জন্য মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে কসাই পট্টিতে নেওয়া হচ্ছে। খবর পেয়ে রাতেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাংস বোঝাই পিকআপ ফেলে পালিয়ে যায়। পরে বুধবার সকাল ৭টায় বাসস্ট্যান্ডের মাংস ব্যবসায়ী সাগর আলীর দোকানে অভিযান চালানো হয়। সেখানে বিক্রির জন্য রাখা ৩ মণ মাংস জব্দ করা হয়।
তিনি আরও বলেন, মাংস ব্যবসায়ী সাগর আলীর স্বীকারোক্তি অনুযায়ী হরিরামপুর উপজেলার কলতা গ্রামের গরু ব্যবসায়ী সাগরকে কলতা গ্রামের গরুর ব্যাপারী সাগরকে ঘটনাস্থলে হাজির করা হয়। ওই ব্যাপারী জানান- অতি মুনাফার লোভে ৫৫ হাজার টাকায় এ গরু কিনে সাগর আলীর কাছে বিক্রি করেছি। পরে মাংস ব্যবসায়ী সাগর আলীকে এক লাখ এবং গরুর ব্যাপারী সাগরকে ৫০ হাজার জরিমানা। এ সময় গরুর মাংস জব্দ করে মাটিচাপা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সদর), জেলা স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সদর, সাধারণ সম্পাদক ক্যাব মানিকগঞ্জ ও সদর থানা পুলিশের দু’টি দল।
