আমাদের দেশে বহু নারী মারা যাচ্ছে প্রসবকালে। ২ মিনিটে একজন নারী মারা যাচ্ছে প্রসবকালে। যার প্রায় ৩০ ভাগ রক্তক্ষরণের কারণে মারা যায়। রক্তক্ষরণের এই দুরারোগ্য রোগের চিকিত্সা সামান্য ক্যাথেটার, কনডম আর স্যালাইন নিয়ে অপারেশন কিট আবিষ্কার করেছেন আমাদের দেশেরই একজন চিকিত্সক। ড. সায়েবা আক্তার, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত! তাঁর নামের সাথে মিল করে এই পদ্ধতির নাম রাখা হয়েছে সায়েবা’স মেথড। তাঁর এই মেথড ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং তা কার্যকর পদ্ধতি হিসেবে কাজ করছে।
শুধু মেথড আবিষ্কার করেই ক্ষান্ত থাকেননি, নিজের প্রভিডেন্ট ফান্ডের ৩৫ লাখ টাকা দিয়ে ফিস্টুলা রোগীদের চিকিত্সায় গড়ে তুলেছেন মামস ইনস্টিটিউট। মগবাজারের এই ২০ শয্যার হাসপাতালে তিনি সপ্তাহে তিন দিন বিনামূল্যে ১০ থেকে ১২টি অপারেশন করেন। তাঁর স্বজন, বন্ধুরা এসেছেন এগিয়ে। এছাড়া, তার ২০-২৫ জন ছাত্র এবং ছয়-সাতজন চিকিত্সক আছেন এই মহত্ উদ্যোগের সাথে। যে অপারেশন করতে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা লেগে যায় তা করছেন বিনামূল্যে। বাংলাদেশের বহু অসহায় হতদরিদ্র মানুষ এই ব্যয় বহন করতে এখনো অপরাগ। তার কার্যকর এই পদ্ধতির অপারেশনের মাধ্যমে তিনি মা-বোনের সেবায় নিয়োজিত থাকতে চান। সরকারি সহযোগিতা পেলে গড়ে তুলতে চান আধুনিক একটি ইনস্টিটিউট।
