বেড়ি বাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৫:৫৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে অবৈধভাবে বেড়ি বাঁধের ওপর স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ উক্ত নির্মাণ কাজ বন্ধ করে দেন।

অভিযোগে জানা গেছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বন্যা ও জলোচ্ছাস রক্ষার্থে চাঁদপুর থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত বেড়িবাঁধের জন্য অধিগ্রহণকৃত জায়গায় তৎকালীন বেড়িবাঁধ নির্মাণ করে, যা আজ পর্যন্ত বন্যা ও জলোচ্ছাস নিয়ন্ত্রণ করে আসছে। সম্প্রতি প্রভাবশালী কিছু ভূমিদস্যু পাউবোর সম্পত্তি অবৈধভাবে দখল করে ধারাবাহিকভাবে দোকানপাট ও ইমারত নির্মাণ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলার দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রামগঞ্জ শিশুপার্ক সংলগ্ন ব্রিজের পাশে বেড়ি বাঁধের প্রায় ৪০ ফুট জায়গা দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করছেন।

এ ব্যাপারে পাউবো কর্তৃক সরেজমিন গিয়ে নির্মণাধীন স্থাপনার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

রামগঞ্জ ওয়াপদা বেড়িবাঁধে সরকারি সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ। ছবি: ইত্তেফাক

স্থানীয়রা জানায়, রামগঞ্জ ওয়াপদা বেড়িবাঁধ ছাড়াও সরকারি সম্পত্তিতে পাকা ভবন নির্মাণ রামগঞ্জ উপজেলায় অহরহ ঘটছে। যে যেভাবে পারছে সরকারি সম্পদ, খাল পাড় দখল করে পাকা ঘর নির্মাণ করছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ জেনেও চুপ করে রয়েছে।

এ ব্যাপারে পাউবো’র শাখা কর্মকর্তা মো. শাকিল বলেন, চেয়ারম্যান মিজানুর রহমানকে কাজ বন্ধ রাখতে বলছি, উনি কাজ বন্ধ রেখেছেন। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় পাকা ভবন করার কোনো নিয়ম নেই।

 

 

ইত্তেফাক/আরএজে