গল্পটাই ব্যান্ড দল গল্পের

আপডেট : ২৫ জুন ২০১৯, ২০:০৫

সংগীত বা মিউজিক একটা সাধনার নাম। সবাই সেটা পারে না। আবার কিছু কিছু মানুষ ছোটবেলা থেকে মনের মধ্যে গানের প্রতি ভালোবাসা লালন করে বড় হন। মিউজিকের প্রতি ভালোবাসা অনেকের থাকলেও, এটা নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা সহজ না। কিন্তু এই স্বপ্নকে সত্যি করতে গড়ে ওঠে ব্যান্ড দল ‘গল্প’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শোভন আশরাফ আর ইউল্যাবের নুহাদের উদ্যোগে গড়ে ওঠে ব্যান্ডটি। থিয়েট্রিকাল রক, মেলো রক, হার্ড রক ধরনের গান করেন তাঁরা। ছোটবেলা থেকে দেশ-বিদেশের বিভিন্ন ব্যান্ড মিউজিক শুনে বড় হওয়া শোভন আশরাফ সঙ্গে কথা হচ্ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে। গল্পের পেছনের গল্প সম্পর্কে তিনি জানান, ব্যান্ড শুরুর আগেই ভোকালিস্ট নুহাদের সঙ্গে জ্যাম করতেন। সেখান থেকেই তাদের পরিচয়। এর আগে থেকেই মিউজিক করতেন দুজনই। মাঝেমধ্যে একসঙ্গে প্র্যাকটিসও করতেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে একে অন্যের স্বপ্নের সারথি হয়ে গড়ে তোলেন ব্যান্ড গল্প। উদ্দেশ্য ছিল মিউজিক নিয়ে ভিন্ন কিছু করার। সেই থেকে পথচলা। গল্পের শোভন ও ঈসান জবির ছাত্র হলেও, বিরল বিন্দু চাকরি করছেন বুয়েটে। গল্পের ড্রামার শোভন আশরাফ। গল্পের লিড ভোকালিস্ট ইউল্যাবের সাইদুর রহমান নুহাদ। লিড গিটারিস্ট ও বেইজ গিটারিস্ট হিসেবে আছেন বিরল বিন্দু ও ঈসান হাসান। গল্পের ব্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছেন জবির ছাত্র জাবের হোসাইন সিদ্দিকী। গল্পের যাত্রা শুরুর আগে সবাই অন্যান্য ব্যান্ডে ছিলেন।

প্রথমে দিকে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত শো করেছে ব্যান্ড গল্প। ধীরে ধীরে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতেও শো করতে শুরু করে। গতবছর জুনে গল্প তাদের প্রথম গান ‘অনিদ্রিতা’ রিলিজ করে। গানটি ভালো রেসপন্সও পেয়েছিল। আগামী কিছুদিনের মধ্যে গল্পের দ্বিতীয় গান ‘পুরনো কাহিনি’ আসছে মিউজিক ভিডিওসহ। এছাড়াও এই বছরের শেষের দিকে গল্পের প্রথম অ্যালবাম রিলিজ করা হবে বলে আশা প্রকাশ করেছেন শোভন আশরাফ। আপাতত সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ব্যান্ড দলটি। গল্পের গান শোনা যাবে গল্পের ইউটিউব চ্যানেল, Golpo TV, গান অ্যাপ, সাউন্ড ক্লাউড ও রিভারভনেশন সাইটগুলোতে।