প্রথমে ভেবেছিলেন ব্যবসায়ী হবেন। বাবার স্বপ্ন, মেয়ে ব্যাংকার হবে। তাই লেখাপড়া করেন ব্যবসা বিষয়ে। নামকরা একটি পার্লারের বিউটি কনসালটেন্ট হিসেবে তাঁর কর্মজীবনের শুরু। এরপর হঠাত্ একটি এয়ারলাইন কোম্পানিতে কেবিন ক্রু হিসেবে চাকরি পান। মাঝে এসেছে বিভিন্ন প্রতিবন্ধকতা। সেগুলো একে একে পার করে আজ তাঁর দীর্ঘ ১৩ বছরের কর্মজীবন।
এয়ারলাইন কোম্পানিতে কেবিন ক্রুর চাকরি বর্তমান প্রজন্মের কাছে একটি স্বপ্নের নাম। আর সেই পেশায় নিজের ক্যারিয়ার শুরু করতে এবং এই পেশার বিভিন্ন দিক তুলে ধরেছেন রিজেন্ট এয়ারওয়েজের পারচার অ্যান্ড কেবিন ক্রু ট্রেনার সাবেরা ফেরদৌসি।
বিউটি কনসালটেন্ট হিসেবে কর্মজীবন শুরু করলেও, এই পেশায় তাঁর ক্যারিয়ার শুরু ২০০৬ সালে কেবিন ক্রু হিসেবে জিএমজি এয়ারলাইন্সে। ২০০৮ সালে জিএমজিতে কর্মরত থাকা অবস্থায়, তিনি এক বছর কাজ করেছেন যুক্তরাজ্যের ফ্লাই গ্লোব স্প্যান এয়ারলাইন্সের সঙ্গেও। ২০১৩ সালে তিনি যোগ দেন ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডে। পরবর্তীতে ২০১৬ সালে তিনি যোগ দেন রিজেন্ট এয়ারওয়েজে। বর্তমানে তিনি এখানেই কর্মরত রয়েছেন।
২০১১ সালে বাংলাদেশ সিভিল এভিয়েশন থেকে কেবিন ক্রু ট্রেনার হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন। তখন থেকেই তিনি কাজ করছেন কেবিন ক্রু ট্রেনার হিসেবে। কেবিন ক্রু ট্রেনার হিসেবে তিনি এই পেশায় নবাগতদের গ্রুমিং থেকে শুরু করে একজন দক্ষ কেবিন ক্রু হয়ে ওঠার জন্য বেসিক ট্রেনিং দিয়ে থাকেন। এয়ারলাইন সেক্টরে অর্থাত্, কেবিন ক্রু হিসেবে চাকরির ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে বলে জানান। তিনি এই পেশায় যখন ক্যারিয়ার শুরু করেন, সে সময়টায় কাজের জায়গা ছিল অপ্রতুল। মাত্র একটি সরকারি ও একটি বেসরকারি এয়ারলাইন কোম্পানি ছিল বাংলাদশে। অন্যদিকে মেয়েদের ক্ষেত্রে এমন চাকরি সামাজিকভাবে, এমনকি বিমানের যাত্রীদের অনেকেই সে সময় ভালো চোখে দেখত না, যেটা এখন আর একদমই নেই।
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে এয়ারলাইন সেক্টর অনেকটা এগিয়ে গেলেও এ দেশের পিছিয়ে পড়ার কয়েকটি কারণের মধ্যে পরিপূর্ণ কোনো ট্রেনিং স্কুল না থাকাটাই মূলত দায়ী বলে মনে করেন সাবেরা ফেরদৌসি। তাঁর মতে, এই পেশায় নবাগতদের অবশ্যই নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের পাশাপাশি অন্যান্য প্রস্তুতি নিয়েই আসতে হবে। বাংলার পাশাপাশি ইংরেজিতে দক্ষতা, কাজের ধরন সম্পর্কে পূর্ব ধারণা ইত্যাদি বিষয়ে মিলিয়ে তাঁদের যোগ্য হতে হবে মনে করেন। এক দশকেরও বেশি সময় ধরে এয়ারলাইন সেক্টরে কাজ করছেন দক্ষ এই বিমানবালা ও প্রশিক্ষক। তাঁর মতে, এই পেশায় নবাগতদের জন্য রয়েছে অনেক সুযোগ-সুবিধা। দেশি-বিদেশি এয়ারলাইনগুলো আমাদের দেশ থেকে নিয়মিত নিচ্ছে কেবিন ক্রু। এটাই এই পেশার অনেক বড় সম্ভাবনার জায়গা।
