নৌকা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

নদীর দেশ যদি বাংলাদেশ হয় তবে নৌকার দেশও বাংলাদেশই। নদীর আকার ও প্রকৃতিভেদে বিভিন্ন অঞ্চলে নৌকার ধরনও ভিন্ন। কোনটা মাল টানার নৌকা তো, কোনটা পারাপারের। কোন নৌকা ভ্রমণের তো কোন নৌকা প্রমোদের জন্য। নৌকা গ্রামীণ জনপদে এমনই এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে প্রচলিত এমনি নানা নৌকার ছবি নিয়ে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী। শিল্পকলা একাডেমির আয়োজনে ‘বাংলাদেশের নৌকা’ শীর্ষক আলোকচিত্রী এম এ তাহেরের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।

প্রদর্শনীতে স্থান পেয়েছে তালের ডোঙা, কোশা নৌকা, মাছ ধরার ছোট নৌকা, কার্গো নৌকা, মালার নৌকা, খেয়া পারাপারের সাম্পান, সামুদ্রিক নৌকা, বেদে নৌকা, বারকি নৌকা, ছইওয়ালা নৌকা। সে সঙ্গে নৌকা তৈরির মাধ্যম, চালানোর নানা কৌশল ও নৌকাকে কেন্দ্র করে জীবিকাবহন করা মানুষের যাপিত জীবনের আলোকচিত্রও প্রদর্শিত হচ্ছে।

গতকাল শনিবার বিকালে উত্সবের উদ্বোধন করেন চিত্রশিল্পী হাশেম খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর রশীদ, নাট্যজন রামেন্দু মজুমদার ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এ তাহের ও স্বাগত বক্তব্য রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু।

১৬ দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীটি আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আইয়ুব বাচ্চু স্মরণে শুরু ৫ম ব্যান্ড ফেস্ট : চ্যানেল আই’র আয়োজনে প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে শুরু হয়েছে ‘৫ম চ্যানেল আই ব্যান্ডফেস্ট ২০১৮’। দেশের ১৭টি ব্যান্ডদলের অংশগ্রহণে এই ব্যান্ডফেস্ট উত্সবে এলআরবি নিয়ে হাজির হয়েছিলেন আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার। গতকাল শনিবার সকালে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উত্সব শুরু করেন।

উত্সবে স্মৃতিচারণ করেন শাইখ সিরাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ, সংগীত শিল্পী কুমার বিশ্বজিত্, তপন চৌধুরী, পার্থ বড়ুয়া, ফেরদৌস ওয়াহিদ, ফকীর আলমগীর, রুমী প্রমুখ। উত্সবে অংশ নিয়েছে উচ্চারণ, ডিফারেন্ট টাচ, অবসকিউর, তিরন্দাজ, ম্যাট্রিকেল, দলছুট, ফিডব্যাক, জলের গান, আর্টসেল, এলআরবি-সহ ১৭টি ব্যান্ড দল।